আজকের পত্রিকার তথ্য অনুযায়ী, নেত্রকোনার আটপাড়া উপজেলার কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেবকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগে স্থানীয় বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে তাঁদের এই নির্দেশ দেওয়া হয়।
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং বিএনপি নেতা নুরুজ্জামান খান পুতুলের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী জানিয়েছেন, জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালির পরামর্শে জরুরি সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ওই শিক্ষিকাকে মারধর ও তলপেটে লাথি মারার অভিযোগ ওঠে। এ সময় তাঁকে গর্ভের সন্তানসহ পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। বাংলা ট্রিবিউনের খবরেও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার ওপর হামলা ও মারধরের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ অনুযায়ী, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী বিদ্যালয়ে জড়ো হন। এ সময় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী ও বিএনপি নেতা নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান এবং আনোয়ার হোসেন তাঁর তলপেটে লাথি মারেন। পরে অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন। তবে আনোয়ার হোসেন শিক্ষিকাকে মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন এবং সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল মাত্র।






