ম্যানিলায় অনুষ্ঠিত বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের নেতারা মিয়ানমারের বর্তমান সরকারের সঙ্গে পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপির এ তথ্য জানিয়েছে বাসস।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠক থেকে মিয়ানমারকে বাদ রাখা হলেও জোটটি দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে। যৌথ বিবৃতিতে বলা হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় অগ্রগতির ভিত্তিতে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে। এছাড়া সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত বন্ধে গৃহীত 'পাঁচ দফা ঐকমত্য' বাস্তবায়নে সুনির্দিষ্ট অগ্রগতি হলে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আসিয়ান।
অভ্যুত্থান নেতা মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে প্রতিবেশী দেশ থাইল্যান্ড। তবে পাঁচ দফা পরিকল্পনায় প্রায় পাঁচ বছরেও তেমন অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। তিনি এ বিষয়ে বাস্তবসম্মত ও ভবিষ্যৎমুখী আলোচনার তাগিদ দেন।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও জানান, যোগাযোগের স্বার্থেই আলোচনার টেবিলে মিয়ানমারের প্রতিনিধি প্রয়োজন, তবে এটি তাদের স্বীকৃতি দেওয়া বোঝায় না। চলতি বছরের শেষ দিকে আসিয়ানের সভাপতির দায়িত্ব ফিলিপাইনের কাছ থেকে সিঙ্গাপুরের হাতে যাবে এবং ২০২৮ সালে এ দায়িত্ব পাবে থাইল্যান্ড।






