ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে জানা যায়, নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন ফিরেছেন। বুধবার সকাল সোয়া ৯টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা এবং কাউন্সেলিং দেওয়া হয়। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় তাদের খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান ইনডিপেনডেন্ট টিভিকে জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ব্যাপারে অন্যদের উৎসাহিত করেছেন। অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ইউরোপ কঠোর অবস্থান নেয়ায় অবৈধ পথে গিয়ে ৩০-৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত ফলাফল শূন্য হচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।






