বাংলা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, নওগাঁ সদর উপজেলা থেকে রাজশাহীতে নেওয়ার পথে ১২০ বস্তা ডিএপি সারবোঝাই দুটি গাড়ি আটক করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। জব্দ করা সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বিসিআইসি সার ডিলার পয়েন্ট মেসার্স মোল্লা ট্রেডার্সের গুদাম থেকে দুটি নসিমন-ভটভটিতে ওই সার তোলা হয় এবং রাজশাহীর উদ্দেশে রওনা দেওয়া হয়। পরে স্থানীয়দের সন্দেহের মুখে চালকরা জানান যে সারগুলো রাজশাহীতে নেওয়া হচ্ছিল।
খবর পেয়ে ডিলার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মামুন ঘটনাস্থলে এলেও পরে পুলিশ ও প্রশাসনের আসার খবর শুনে সরে যান। যাওয়ার আগে তিনি দাবি করেন, মালিকের নির্দেশে তিনি মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দিয়েছিলেন, তবে সার কোথায় নেওয়া হচ্ছিল তা তিনি জানেন না।
নওগাঁ সদর উপজেলার ইউএনও নূরুল আমিন জানিয়েছেন, খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ১২০ বস্তা সার জব্দ করা হয়। ডিলার বা প্রতিনিধি উপস্থিত না থাকায় সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে এবং কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।






