সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে ব্যাপক রদবদল ঘোষণা করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জেতী প্রুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলো জারি করা হয়েছে। একাত্তর টিভির খবর অনুযায়ী, এই প্রশাসনিক রদবদলে ১০ জন সচিব পদমর্যাদার কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে নতুন বাণিজ্য সচিব বানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) বদলি করা হয়েছে। তাঁর স্থানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে (সংযুক্ত) বদলি করা হয়েছে। একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান (রিমি)কে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) বানানো হয়েছে। জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নিয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি এই আদেশ দ্রুত কার্যকর হবে।






