ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় আখাউড়া উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে ইত্তেফাক জানতে পেরেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হওয়ার পর শুক্রবার বিকেলে নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করে। অন্যদিকে পদবঞ্চিত নেতারা প্রতিবাদ মিছিল নিয়ে এলে সড়কবাজার এলাকায় উভয়পক্ষ মুখোমুখি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি দোকানপাট এবং উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ ইত্তেফাককে জানান, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করার পর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






