চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি বাউন্ডারি ওয়ালের নির্মাণাধীন তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইত্তেফাক।
নিহত বোরহান উদ্দিন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।
ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে তোরণের সেন্টারিং খোলার সময় ছাদ ধসে পড়ে। এসময় বোরহান নিচে পড়ে ইট-কংক্রিটের চাপে আটকে যান। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সকালে তোরণটির ঢালাই দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব জানান, দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে লাশ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ইত্তেফাককে জানান, নির্মাণাধীন তোরণের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে চাইলে তা গ্রহণ করা হবে।






