একাত্তর টিভির প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চলতি মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান ইস্যুতে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার চীন সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে উড়োজাহাজে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নতুন বছর শুরু হওয়ার পর তিনি এ বিষয়ে কথা বলবেন এবং তাদের হাতে এখনো সময় আছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর হুমকি এবং সংঘাত কমিয়ে আনার ইঙ্গিত—দুই বিপরীতমুখী অবস্থানের মধ্যেই দুলছিলেন ট্রাম্প। ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি জানুয়ারির ১ তারিখের পর কী ঘটে তা দেখা হবে বলে উল্লেখ করেন। অ্যাক্সিওস এবং ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, ইরান বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না।
গত ৩ নভেম্বরের মার্কিন কংগ্রেস নির্বাচনের আগে ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনের পর ইরান চুক্তিতে আসতে আগ্রহী হবে। কিন্তু নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর প্রশাসন জানায়, ইরানের ওপর অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরভাবে কাজ করছে।
এদিকে, আগামী ৩ জানুয়ারি পর্যন্ত রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা মার্কিন সিনেট বৃহস্পতিবার যুদ্ধ সীমিত করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পেছনে ইরান ইস্যুর প্রভাব স্বীকার করে নিয়েছেন ট্রাম্প। এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই যুদ্ধের সমালোচনা করে দলের রাজনৈতিক বিপর্যয়ের জন্য একে দায়ী করেছিলেন। পরবর্তীতে ট্রাম্প তাঁকে ইরান বিষয়ক কূটনীতি থেকে সরিয়ে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
রয়টার্সকে ট্রাম্প বলেন, জেডি ঠিকই বলেছে এবং এই পরিস্থিতি নির্বাচন তাদের পক্ষে না যাওয়ার অন্যতম কারণ। তবে তিনি যোগ করেন, আবারও একই সিদ্ধান্ত নিতে হলে তিনি তা-ই করতেন, কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না।
ফক্স নিউজের সাক্ষাৎকারে সিএনএন-এর একটি প্রতিবেদনের বিষয়ে জিজ্ঞাসিত হলে, যেখানে ইরানের ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনার দাবি করা হয়েছিল, ট্রাম্প এই হুমকিকে তেমন গুরুত্ব দেননি। তিনি দাবি করেন, পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ হয়ে যাওয়ায় ইরান এখন রাসায়নিক ও জৈব অস্ত্রের দিকে নজর দিচ্ছে।
ট্রাম্পের এই দাবির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে পোস্ট করে জানিয়েছে, রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির এই মার্কিন অভিযোগ কেবল ভীতি ছড়ানো এবং সামরিক হামলার অজুহাত তৈরির অপচেষ্টা মাত্র। এর আগে সিএনএন’র প্রতিবেদনটিকেও পুরোপুরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিল ইরান।
উল্লেখ্য, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করলেও তেহরান তা অস্বীকার করে আসছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলার পেছনে দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাকে প্রধান কারণ হিসেবে দেখিয়েছিলেন ট্রাম্প।






