বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ের পর রোহিঙ্গা ইস্যুতে একটি ব্যাপক সমাধানের আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি জটিল না করার আহ্বান জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন যে, ২০১৭ সালে রাখাইনের উত্তরাঞ্চলে সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা চালিয়েছে। আদালত ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া এবং আরও লঙ্ঘন রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বেইজিংয়ে সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় বিচারিক সংস্থাগুলোর ভূমিকা থাকলেও, এসব সংস্থাকে সতর্কতার সঙ্গে ক্ষমতা প্রয়োগ করা উচিত। এখতিয়ারের অতিক্রম ও ব্যাপক ব্যাখ্যা নিয়ে চীনের উদ্বেগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট পদক্ষেপ বিরোধ নিষ্পত্তির জন্য সহায়ক নয়।
রাখাইনের পরিস্থিতির জটিল ঐতিহাসিক, জাতিগত ও ধর্মীয় প্রেক্ষাপট রয়েছে উল্লেখ করে চীনা মুখপাত্র জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিষয়টি জটিল না করে একসঙ্গে কাজ করা। এছাড়া পক্ষগুলোর মধ্যে সংলাপ ও যোগাযোগ এগিয়ে নিতে এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনে গঠনমূলক ভূমিকা রাখতে চীন প্রস্তুত বলে জানান তিনি।






