আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে আমান উল্লাহ আমান এমপি এবং সদস্যসচিব হিসেবে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের পরিচালনায় এ সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে পদত্যাগ করেন এবং নতুন কমিটিকে দায়িত্ব পালনে সহযোগিতার অঙ্গীকার করেন। নতুন কমিটির দায়িত্ব আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করা।
সভায় গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবীদের মজুরি বৃদ্ধি ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ও উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন করার সিদ্ধান্ত হয়। সভায় শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
নতুন কমিটির সদস্য হিসেবে আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।






