প্রথম আলো ইংলিশের তথ্য অনুযায়ী, নড়াইলের কালিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ২০ থেকে ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দার চর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার কালিয়ায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা এবং জাতীয়তাবাদী কৃষক দলের পৌর শাখার সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন।
ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার বিকেলে বিএনপির একদল নেতাকর্মী সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ অন্যান্য আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালান। এ সময় প্রায় ৫০টি বাড়ি ও দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ ওঠে। এছাড়া বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান দাবি করেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগে তাদের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেন্দার চর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের যে তথ্য ফেসবুকে ছড়ানো হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই বলে পুলিশ জানায়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার জানান, নিহত দুই বিএনপি নেতার স্বজন ও সমর্থকরা ওই গ্রামে ৩-৪টি বাড়ি ভাঙচুর করেছেন।
কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল চারটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। নিরাপত্তা ও বাধার কারণে তারা কিছুটা দেরিতে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।






