বাসস অনুযায়ী, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট শুক্রবার হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এক্স-এ পোস্টে জানান, হুতি সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আসছিল, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। দুটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ শুক্রবার সকালে দক্ষিণাঞ্চলীয় জিজান, আবহা ও খামিস মুশাইত এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কবার্তা জারি করেছিল, যা পরে কেটে গেছে বলে জানানো হয়েছে।
গত কয়েক সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা ও রাজধানী রিয়াদের আর্থিক-বাণিজ্যিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৃহস্পতিবারের হামলায় রিয়াদের একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জানালার কাচ ভাঙা ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ছবি প্রকাশ করা হয়েছে। ভবনটিতে সৌদি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’-এর কার্যালয় অবস্থিত।






