আলোকিত বাংলাদেশের তথ্যানুযায়ী, সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের আগে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি বলে জানিয়েছেন তারা। রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দ অত্যন্ত বিকট ছিল। এছাড়া বিস্ফোরণের পর কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে বিস্ফোরণের সঠিক স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতিরা রিয়াদ অঞ্চল লক্ষ্য করে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির সামরিক ও তেল স্থাপনায় ধারাবাহিক হামলার মধ্যে এ ঘটনা ঘটল।






