বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন। রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) আয়োজনে বেসিক প্রফেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সচিব জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ক্রিটিক্যালিটি গত ১১ অক্টোবর সফলভাবে অর্জিত হয়েছে। শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), বায়েরা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বায়েক) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতায় আন্তর্জাতিক মান বজায় রেখে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। চার সপ্তাহব্যাপী এই কোর্স আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে।
প্রশিক্ষণে আইএইএর চার কর্মকর্তা ও বিশেষজ্ঞ—টেকনিক্যাল অফিসার রাহিলা হাম্মাদ, কর্মকর্তা বেনোইট গ্যাব্রিয়েল এবং বিশেষজ্ঞ মেহমেত তোম্বাকোগলু ও বারিস গুরনার প্রশিক্ষণ দিচ্ছেন। দেশীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞরাও প্রশিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন। বায়েরা, বায়েক ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ৪০ জন নবীন বিজ্ঞানী ও প্রকৌশলী প্রশিক্ষণ গ্রহণ করছেন।
বিজ্ঞান সচিব আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বায়েরা থেকে প্রতিবছর তিন থেকে পাঁচজন আন্তর্জাতিক মানের নিয়ন্ত্রক বিশেষজ্ঞ তৈরির লক্ষ্য নির্ধারণ করেছেন। প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি—পারমাণবিক শক্তি ব্যবহারে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা, মানবসম্পদ ও পেশাগত দক্ষতার উন্নয়ন এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ।
অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম, বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল খায়ের মো. আক্কাস আলী এবং আইএইএর টেকনিক্যাল অফিসার রাহিলা হাম্মাদও বক্তব্য দিয়েছেন।






