ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন ফেসবুকে পোস্ট করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হামিলের সঙ্গে ইদ্রিস আলীর সংঘর্ষের বিস্তারিত তথ্য দিয়েছেন।
রাশেদ খাঁন বলেন, গত ১২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২.০০ টার দিকে নুসরাত কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসিকে ফোন করে জানান, তার বাড়ির আশপাশে আওয়ামী লীগের লোকজনের আনাগোনা ও জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে। ওসি ও মামলার আইও সোহানুর রহমান পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে গেলে তারা এই তথ্যের সত্যতা পাননি। তবে নুসরাত ওসিকে জানান, ইদ্রিস আলীকে গ্রেপ্তার করলে অনেক তথ্য পাওয়া যাবে।
রাশেদ খাঁন জানান, পুলিশ ইদ্রিস আলী সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করলেও এই তথ্য ইদ্রিসের কাছে পৌঁছে যায়। ভয়ে ইদ্রিস আলী ১৪ নভেম্বর দৌলতপুর থানায় নুসরাতের বাবাকে বিবাদী করে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ইদ্রিস আলী প্রায় ৫ বছর আগে নুসরাতের বাবার দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে বসতভিটা করেন। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর আবদুল হালিম জমি দখলের জন্য ইদ্রিসের বাড়িতে হামলা চালায় এবং তাকে জেল খাটানোর অভিযোগ রয়েছে। ইদ্রিস আলী বর্তমানে স্ট্রোকে আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় জীবন অতিবাহিত করছেন।






