ইত্তেফাক অনুযায়ী, বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণের দাম কমে যাওয়ায় কুয়েতের স্বর্ণবাজারেও প্রভাব পড়েছে। দীর্ঘদিন পর প্রতি গ্রামে প্রায় দুই দিনার কমে স্বর্ণ কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে।

রোববার (১৪ নভেম্বর) দার আল-সাবেক কুয়েতি কোম্পানি কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, গত সপ্তাহের শেষে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ইতিবাচক গতি লাভ করেছে, যেখানে জুন মাসের সোনার ফিউচার ০.৩২ শতাংশ বা ১৪.৯ ডলার বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৬৪৪ ডলারে পৌঁছেছে, যার ফলে এর সাপ্তাহিক ক্ষতি প্রায় ২ শতাংশে নেমে এসেছে।

প্রতিবেদনে ২৪-ক্যারেট স্বর্ণের দাম প্রায় ৪৬.১৪ দিনারে (প্রায় ১৫০.৪২ ডলার) এবং ২২-ক্যারেট স্বর্ণের দাম প্রায় ৪২.২৯ দিনারে (প্রায় ১৩৮ ডলার) পৌঁছেছে বলে উল্লেখ করা হয়েছে।

দাম কমার খবর ছড়িয়ে পড়তেই কুয়েতের বিভিন্ন স্বর্ণের দোকানে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ক্রেতারা কম দামে স্বর্ণ কেনার সুযোগ কাজে লাগাতে ছুটছেন। দীর্ঘদিন পর তুলনামূলক কম দামে স্বর্ণ কিনতে পেরে তারা স্বস্তি প্রকাশ করছেন।

ব্যবসায়ীদের জন্য দাম কমে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারেও দাম কমাতে হচ্ছে, ফলে আগে বেশি দামে কেনা স্বর্ণ এখন কম দামে বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করেই তারা ব্যবসা পরিচালনা করেন।

কুয়েতের স্বর্ণবাজারে দাম কমে ক্রেতাদের মধ্যে উৎসাহ বাড়লেও ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে আছেন। স্বর্ণের এই দরপতন কত দিন স্থায়ী হবে, এখন সেটিই দেখার বিষয়।