বাসসের খবরে বলা হয়, এ দেশে ধর্মীয় সংখ্যালঘু বলতে কিছু নেই এবং সবাই আমরা বাংলাদেশি বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। পিরোজপুরের কাউখালী উপজেলায় শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী ১৩৫তম আবির্ভাব উৎসব ও রাস মেলার সমাপনী মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, হিন্দু-মুসলমান সবার মাতৃভূমি বাংলাদেশ এবং সবাইকে মিলেমিশে দেশ এগিয়ে নিতে হবে। পলাতক গোষ্ঠীর ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাসের হাত থেকে দেশ রক্ষার ওপরও তিনি জোর দেন।

অনুষ্ঠানে আশ্রম কর্তৃপক্ষ মন্দির উন্নয়নের দাবি জানালে প্রতিমন্ত্রী তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনসহ আশ্রমের নেতৃবৃন্দ।

বাসস জানায়, এর আগে বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, অপরাধী যে দলেরই হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং প্রশাসনকে কঠোর হতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদের সভাপতিত্বে ওই সভায় অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ নিয়ে আলোচনা হয়।