বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে আগামী তিন বছরের জন্য বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মতিউর রহমান সভাপতি এবং এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার পর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং ফলাফল বিকাল সাড়ে ৫টার দিকে ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার গাজী ওয়াজেদ আলম জানান, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মতিউর রহমান সভাপতি, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির ও এ এস এম সাইফুল্লাহ সহ-সভাপতি, এবং এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল, সহ-সম্পাদক পদে দৈনিক সংবাদের প্রতিনিধি রামপ্রসাদ সরকার দীপু ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি সোহেল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ এবং সমাজসেবা সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি রিপন আনসারী সর্বোচ্চ ভোট পেয়েছেন। এছাড়া দৈনিক সমকালের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা হবে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, দুর্ভোগ ও ভোগান্তির পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরা হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি মানিকগঞ্জের সার্বিক উন্নয়নেও সংগঠনটি ভূমিকা রাখবে।

ত্রিবার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু। সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।