ইত্তেফাক অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কান্তারা এলাকার উপকণ্ঠে বিস্ফোরক ব্যবহার করে স্থাপনা ধ্বংস করেছে।

রোববার ইসরায়েলি বাহিনী জাওতার আল-শারকিয়াহ এলাকায় একটি বিস্ফোরণ ঘটায় এবং এর পরপরই কাফার তিবনিতে আরও একটি বিস্ফোরণ ঘটে। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল থেকে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত মার্চ থেকে লিতানি নদী পর্যন্ত এলাকাগুলোতে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে লেবানন সরকারের ‘নীরবতার’ প্রতিবাদে নাবাতিয়েহ আল-ফাওকা ও জাওতারের বাসিন্দারা দুটি পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

দখলকৃত দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে ২২ নভেম্বর লেবাননের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি।

এক বিবৃতিতে বেরি এ বছরের স্বাধীনতাকে ‘অসম্পূর্ণ ও অপূর্ণ’ বলে অভিহিত করেছেন এবং বলেন, লেবাননের ভূখণ্ড মুক্ত হলে এবং সরকারি ও জনগণের অবস্থান পুনরায় ঐক্যবদ্ধ হলে কেবল এই স্বাধীনতা পূর্ণতা পাবে।