বাসস-এর প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য পলাতক আসামিদের প্রত্যর্পণ প্রক্রিয়া ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ত্বরান্বিত করা সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
২৯ নভেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক অভিপ্রায় থাকলে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বীকার করেন, প্রত্যর্পণ একটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া যা দুই দেশের চুক্তি ও বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়। তিনি উল্লেখ করেন, আমলাতান্ত্রিক আনুষ্ঠানিকতা ও আইনি বাধ্যবাধকতার কারণে সাধারণত এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে।
তবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ভারত সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রক্রিয়াটি দ্রুততর করতে পারে বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের অনিষ্পন্ন প্রত্যর্পণ অনুরোধগুলো এগিয়ে নিতে নয়াদিল্লি পদক্ষেপ নেবে।
গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। হাদি হত্যাকাণ্ডের দায়ীদের বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করতে চাই বলেও তিনি জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে অবস্থানরত দণ্ডিত পলাতকদেরও ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যারা ইতোমধ্যে দণ্ডিত হয়েছেন এবং বর্তমানে ভারতে পলাতক রয়েছেন, তাদেরও বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।
দ্বিপক্ষীয় প্রত্যর্পণ ব্যবস্থার আওতায় জবাবদিহি নিশ্চিত করতে ভারত সহযোগিতা করবে বলে বাংলাদেশ সরকার প্রত্যাশা করে, এ কথা পুনর্ব্যক্ত করেন তিনি।






