ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয় ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালানোর সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের সাথে গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষ থেকে থেমে থেমে কয়েক দফা গুলি চলে।

পুলিশ ও সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, গত কয়েক দিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছিল। শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির শব্দ শোনা গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, পিসিজেএসএস এর দায়িত্বশীল একটি সূত্র দাবি করেছেন যে সাজেক এলাকায় কোথাও গোলাগুলির ঘটনা ঘটেনি এবং মাচালং এলাকায় তাদের কোনো দল অবস্থান করছে না। সংগঠনটি এ তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে।