বাসস অনুযায়ী, শনিবার গুয়াতেমালার আদিবাসীরা মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের দেহভস্মকে পবিত্র স্থানে ধূপ জ্বালিয়ে এবং নৈবেদ্য নিবেদন করে শেষ বিদায় জানিয়েছেন।

আস্তুরিয়াস, যিনি ১৯৬৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ফ্রান্স থেকে তার দেহভস্মকে প্রায় অর্ধশতাব্দী পর গুয়াতেমালায় ফিরিয়ে আনা হয়।

দেহভস্মটি একটি গাঢ় সবুজ রঙের পাত্রে রাখা হয়, যার আকার ভুট্টার দানার মতো, যা ১৯৪৯ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত উপন্যাস ‘মেন অব মেইজ’কে শ্রদ্ধা জানায়।

স্মরণানুষ্ঠানটি গুয়াতেমালা সিটির পশ্চিমে অবস্থিত প্রাচীন মায়া সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন কামিনালহুয়ায় অনুষ্ঠিত হয়। সাদা ফুল দিয়ে সাজানো পবিত্র গোলাকার পাথরের বেদির সামনে ছোট কাঠের টেবিলে দেহভস্মের পাত্রটি স্থাপন করা হয়।

আদিবাসীরা বেদিতে বিভিন্ন উপহার নিবেদন করেন এবং ধূপ জ্বালিয়ে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও আস্তুরিয়াসের ছেলে মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস আমাদো উপস্থিত ছিলেন। ৮৫ বছর বয়সী ছেলেটি আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আবেগ ধরে রাখা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে।”

রোববার দেহভস্মটি আস্তুরিয়াসের নামাঙ্কিত একটি সাংস্কৃতিক কেন্দ্রে সমাহিত করা হবে।

আস্তুরিয়াস আমাদো এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ২০২৪ সালে সামাজিক গণতন্ত্রী বার্নার্দো আরেভালো গুয়াতেমালার প্রেসিডেন্ট হওয়ার পর পরিবার সিদ্ধান্ত নিয়েছে দেহভস্ম দেশে ফিরিয়ে আনার। তিনি বলেন, “একজন ছেলে হিসেবে বাবাকে তার জন্মভূমিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল।”

তিনি আরও বলেন, “আমার বাবা হয়তো গুয়াতেমালার মানুষকে ঐক্যবদ্ধ করার একটি প্রতীক হয়ে উঠতে পারেন।” এবং “আমার বাবা স্বৈরশাসনের বিরোধী ছিলেন।”