আগামী ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। এছাড়া সেন্টমার্টিনে রাত্রিযাপনও করা যাবে বলে জানা গেছে। আজ রবিবার (২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে অবস্থান করতে পারবেন পর্যটকরা। এ সময় প্রতিদিন দুই হাজারের পরিবর্তে সাড়ে তিন হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।

এ উপলক্ষে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে বলে জানা গেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অন্য কেউ সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। এ ফি আদায়ে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নেবে।

নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজারের পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।