চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর রাসমণি ঘাট এলাকায় জেলেপল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলেদের প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর পৌনে ১টার দিকে ঘাটের একটি ঝুপড়ি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দেশ রূপান্তরকে আলমগীর হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে বেশ কিছু ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।