দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুই কারাগারে দাঙ্গায় আটজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বাসস জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কোটোপাক্সি কারাগারে চারজন বন্দি নিহত হয়েছেন এবং পিচিনচা কারাগারেও আরও চারজনের মৃত্যু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
২০২১ সাল থেকে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে ৫০০ জনের বেশি বন্দি নিহত হন।
কারাগারের ভেতরে সক্রিয় মাদক পাচারকারী চক্রগুলো কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চক্র কারাগারে বসেই হত্যাকাণ্ড ও চাঁদাবাজির নির্দেশ দিয়ে থাকে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে দাঙ্গার জন্য দায়ীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের স্থানান্তর করা হবে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন ‘এল এনকুয়েন্ত্রো’ কারাগারে। দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকার এই কারাগারটি নির্মাণ করেছে সবচেয়ে বেশি চাহিদাভুক্ত অপরাধীদের রাখার জন্য।






