চ্যানেল আইয়ের কাছে আসা তথ্যানুযায়ী, সৌদি আরবের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে দেশটিতে সেনা পাঠিয়েছে পাকিস্তান। বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি ও পারস্পরিক সমঝোতার আওতায় সৌদি ভূখণ্ডে পাকিস্তানি সেনারা দায়িত্ব পালন করবেন। রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শনিবার সৌদি আরবের উদ্দেশে পাকিস্তানি সেনাদের পাঠানো হয়েছে। সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অবিচল প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এবারের সেনা পাঠানোর ঘটনায় সুনির্দিষ্টভাবে কতজন সেনা পাঠানো হয়েছে, তা বিবৃতিতে জানানো হয়নি।

এর আগে শুক্রবার ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা জোটের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অংশ নেন। ইয়েমেনে সংঘাত বৃদ্ধি এবং সৌদি আরবে হুথিদের হামলার পর গত আগস্টে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। গত অক্টোবরে রয়টার্সের প্রতিবেদনে ৩০ থেকে ৪০ হাজার পাকিস্তানি সেনা মোতায়েনের কথা বলা হলেও, এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে এবারই প্রথম প্রকাশ্যে বক্তব্য দেওয়া হলো।