আজকের পত্রিকার খবরে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন বিধানে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবার ও রাজনৈতিক প্রভাব কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী, মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা কোনো ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হতে পারবেন না।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যাংকের একজন পরিচালকের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে এক পরিবারের সর্বোচ্চ পরিচালক সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুজন করার প্রস্তাব রয়েছে। এছাড়া ২০ সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালক বাড়িয়ে চারজন করার প্রস্তাব করা হয়েছে। ঋণখেলাপি, ফৌজদারি অপরাধে দণ্ডিত বা আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিরা পরিচালক হওয়ার অযোগ্য থাকবেন এবং তাঁদের ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল রাখার প্রস্তাব রয়েছে।






