বিবিসি বাংলায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, রাজপথের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে ঐক্যের উদ্যোগ নিয়েছে বিএনপি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো এক থাকলে অন্য কারও কিছু করার সুযোগ নেই— এই বার্তা দেওয়া এবং ডিসেম্বর পর্যন্ত সব দলকে রাজপথে সক্রিয় রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনো তৎপরতা চালানোর সুযোগ না দেওয়া এই ঐক্যের উদ্দেশ্য।
জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিরোধী জোট ১১ দলের শরিকরা রাজপথে শক্তি দেখানোর কর্মসূচি দিলেও ঐক্যের জন্য আনুষ্ঠানিক সংলাপে বসতে গণভোটের ফল অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ নানা শর্ত দিয়েছে বিএনপিকে।
সরকারি এবং বিরোধী দল সূত্র জানিয়েছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন। এর আগে আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের কারণে দেশের রাজনীতিতে 'রিকনসিলিয়েশন' বা রাজনৈতিক সমঝোতার আলোচনা পিছিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।






