বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল রাফিকে (২৪) আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আল রাফি কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মালেক মিয়ার ছেলে। তিনি কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বাংলা ট্রিবিউন জানায়, গত ৯ নভেম্বর আল রাফি তার ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান এবং ১০ নভেম্বর সর্বাত্মক ধর্মঘট সফল করার আহ্বান জানান।
কসবা থানার এসআই হারুনর রশীদ আটকের তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউন উল্লেখ করেছে, আল রাফির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






