ঢাকা পোস্টের খবর অনুযায়ী, জামালপুর শহরের গেটপার এলাকায় রেলওয়ে ওভারপাসের ফুটপাথে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লাল টেপ মোড়ানো এবং দুই দিকে বৈদ্যুতিক তারসহ একটি বোমাসদৃশ বস্তু পাওয়ার পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখে রেলওয়ে ওভারপাস দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌনে ১২টার দিকে বস্তুটি উদ্ধার করে পার্শ্ববর্তী পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

বোম্ব ডিসপোজাল ইউনিটের সূত্রে জানা গেছে যে, বস্তুটি আসলে কোনো বিস্ফোরক বা বোমা ছিল না। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, জনমনে আতঙ্ক দূর হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা বের করার জন্য তদন্ত চলছে।

ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।