প্রথম আলো জানিয়েছে, দেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনাক্ত হওয়া জীবাণুর ৯৩ শতাংশই একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) নজরদারির তথ্য অনুযায়ী, গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও কমছে।
বৈঠকে তথ্য প্রকাশ
গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর): বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্টস (বিএসএমএম)। এতে চিকিৎসক, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।
বৈঠকে মূল উপস্থাপনা দেন আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবীব। তিনি জানান, দেশে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা বাড়ছে। সার্ভিল্যান্সের তথ্য অনুযায়ী, নিউমোনিয়া, মূত্রনালি ও রক্তে সংক্রমণ ঘটানো ক্লেবসিয়েলা নিউমোনি জীবাণুর ইমিপেনেম অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধের হার ২০২২ সালে ছিল ১৪ দশমিক ৭ শতাংশ, যা ২০২৬ সালের প্রথম ছয় মাসে বেড়ে ৪১ দশমিক ৩ শতাংশ হয়েছে। একই সময়ে মেরোপেনেমের বিরুদ্ধে প্রতিরোধ ১৬ থেকে বেড়ে ৩৭ দশমিক ৮ শতাংশ হয়েছে।
সমন্বিত উদ্যোগের আহ্বান
ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক নাইমা মোয়াযযাম বলেন, শুধু অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ন্ত্রণ করলেই এই সংকট মোকাবিলা সম্ভব নয়। মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, উদ্ভিদ ও পরিবেশ পরস্পর সম্পর্কিত হওয়ায় ‘ওয়ান হেলথ’ ধারণার ভিত্তিতে সংশ্লিষ্ট সব খাতের বিশেষজ্ঞদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। পাশাপাশি অ্যান্টিবায়োটিকের মান নিয়ন্ত্রণ ও কোয়ালিটি অ্যাসিওরেন্স নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল্লাহ ইউসুফ বলেন, দ্রুত জীবাণু শনাক্তকরণ ও কার্যকর অ্যান্টিবায়োটিক নির্ধারণের মাধ্যমে রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। এ জন্য মাইক্রোবায়োলজিস্ট ও চিকিৎসকদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সমন্বিতভাবে কাজ করতে হবে।
বৈঠকে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাঈম গোলদার জানান, ওষুধের গুণগত মান নিশ্চিত করতে বায়োইকুইভ্যালেন্স পরীক্ষা সম্প্রসারণ এবং তথ্যভিত্তিক নীতিনির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২২ সাল থেকে মানুষের অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার ও ২০২৩ সাল থেকে প্রাণিসম্পদে ব্যবহৃত ভেটেরিনারি অ্যান্টিবায়োটিকের তথ্য সংগ্রহ করা হচ্ছে।





