মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব ককটেলের তিনটির গায়ে ‘জয় বাংলা’ লেখা ছিল বলে সমকালের প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে আজকের পত্রিকার প্রতিবেদনে বস্তুগুলোকে ককটেলসদৃশ হিসেবে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার সকালে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার বাসিন্দা মৃত রুহুল কুদ্দুসের ছেলে হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে তিনটি ককটেল দেখতে পাওয়া যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী বলতলা বাজারের অদূরে একটি সেতুর ওপর পাওয়া যায় আরও তিনটি ককটেল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থলগুলোতে গিয়ে সেগুলো উদ্ধার করে। ওই সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা ককটেলগুলো ফেলে রেখে গেছে। একই ধরনের ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এগুলো রেখে গেছে, তা এখনো জানা যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী সমকালকে জানান, জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে জানিয়ে তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ করেন।