গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে নিজ বাসাবাড়ি থেকে আঁখি বেগম (৩৫) ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশ রূপান্তরের খবরে বলা হয়েছে, নিহত আঁখি বেগমের স্বামী আব্দুর রাজ্জাক মিয়ার দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আঁখি বেগমের মেয়ে নানাবাড়ি থেকে ফিরে ঘরের ভেতর মা ও ছোট ভাইয়ের মরদেহ দেখতে পায়। এরপর তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ থাকার কথা জানিয়েছেন স্থানীয়রা। তবে নিহত শিশুর বয়স নিয়ে সংবাদমাধ্যমগুলোর মধ্যে মিল নেই। দেশ রূপান্তর জানিয়েছে শিশুটির বয়স ছয় বছর, অন্যদিকে আলোকিত বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছে শিশুটির বয়স পাঁচ বছর।






