বাসসের প্রতিবেদনে জানা গেছে, রাজধানী ঢাকার পৃথক দুটি স্থান থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানা এবং বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি হাওলাদার মানিক (৩৮)।
পুলিশ জানিয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা পুলিশ পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
অন্য একটি অভিযানে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে ঢাকেশ্বরী রোড এলাকা থেকে হাওলাদার মানিককে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।






