কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক লুৎফর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি জামালপুর-১৪ ও পাবনা-১২ যৌথ টিম। শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে পাবনা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। পুলিশ জানায়, গ্রেপ্তার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা এবং পাবনা থেকে রৌমারী থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের শিবেরডাঙ্গী এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা লিপি (২৬), তার ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭), বোন শরীফা (৪২) এবং রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন শরীফার মেয়ে বৃষ্টি (২৫)।

দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের চালক পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতদের পরিবারের পক্ষ থেকে দুই চালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ করা হয়। এ ঘটনায় পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে এসআরবি জামালপুর-১৪। রৌমারী থানার ওসি কাওসার আলী জানান, গ্রেপ্তার আসামি লুৎফর রহমানকে পাবনা থেকে থানায় আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

সূত্র: ঢাকা পোস্ট