ঢাকা পোস্টের প্রতিবেদনে জানা যায়, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় বিষাক্ত বা ভেজাল মদ পানের জেরে গত দুই দিনে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে আরও ১৮০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চান্দেল জেলা পুলিশ সুপার কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। ভুক্তভোগীদের মধ্যে কেউ নিজ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চান্দেল জেলা প্রশাসন থেকে জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা ও বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ বা যেকোনো সন্দেহজনক উৎস থেকে আসা অ্যালকোহলযুক্ত পানীয় পান থেকে বিরত থাকতে বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে মদ পানের পর বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হওয়া বা শ্বাসকষ্ট দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং এ ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শনাক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইম্ফল থেকে জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ও প্রয়োজনীয় ওষুধসহ একটি মেডিকেল টিম চান্দেল জেলায় পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ঢাকা পোস্টের প্রতিবেদনে।






