বাসস প্রতিবেদনে বলা হয়, সুদানের রাজধানী খার্তুমে রোববার রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত বিমানবন্দর ও নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শী ও জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ড্রোন হামলায় বেশ কয়েকটি বাড়িঘরসহ জাতিসংঘের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, হামলায় একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সুদানের সেনাবাহিনীর একটি সূত্র দাবি করেছে, ড্রোনগুলো ইথিওপিয়ার বাহির দার বিমানবন্দর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তবে ইথিওপিয়া এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

জাতিসংঘ জানিয়েছে, তাদের একটি স্থাপনায় হামলা হয়েছে এবং ওই ভবনে জাতিসংঘের কর্মীরাও অবস্থান করছিলেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) এক্সে প্রকাশিত বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, জাতিসংঘের কর্মীদের এ ধরনের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সুদানের সেনাবাহিনীকে সহায়তা দিচ্ছে এমন সৌদি আরব ও মিসর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কর্তৃপক্ষ হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি।

ত্রাণকর্মীদের ধারণা, ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাতে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ড্রোন হামলায় এক হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।