ক্রিকেটে বল টেম্পারিং নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান উসমান খাজা। তার আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়া দলের আরও অনেকের সম্পৃক্ততার দাবি উঠে এসেছে। এই আলোচনা প্রসঙ্গে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ইত্তেফাক সূত্রে জানা যায়, আখতারের দাবি, পাকিস্তানের ক্রিকেটাররাও একসময় বল টেম্পারিং করতেন, তবে স্যান্ডপেপার দিয়ে নয়, বোতলের ছিপি ব্যবহার করে।

স্যান্ডপেপারগেটের প্রেক্ষাপট

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউল্যান্ডসে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় বিশ্ব ক্রিকেটে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত ওই ম্যাচে বলের ওপর স্যান্ডপেপার ব্যবহার করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন ক্যামেরন ব্যানক্রফট। পরবর্তীতে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়।

আখতারের মন্তব্য

উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, এ নিয়ে এত আলোচনা করার কিছু নেই। তিনি জানান, পাকিস্তানও একসময় বল টেম্পারিং করেছে, তবে তারা স্যান্ডপেপারের বদলে বোতলের ছিপি ব্যবহার করত। আখতার বলেন, ‘আরে ভাই, এবার এটা ছেড়ে দাও। এ নিয়ে এত হইচই কেন? আমি বুঝি, এটি ক্রিকেটের ক্ষতি করেছে। আমাদের ক্রিকেটেরও ক্ষতি করেছে। ইংল্যান্ডে আমরা স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি ব্যবহার করতাম। বল পরিবর্তন করতাম, আরও অনেক কিছুই করতাম। ঠিক আছে, সত্যিটা সামনে এসেছে, এ পর্যন্তই। কিন্তু এ নিয়ে এত মাতামাতির দরকার নেই।’

সাবেক সতীর্থদের প্রসঙ্গে আখতার জানান, তাদের নিয়ে অনেক কিছু বলার থাকলেও কাউকে বিপদে ফেলতে চান না তিনি। তিনি বলেন, ‘আমার সাবেক সতীর্থদের নিয়ে অনেক কিছু বলার আছে। তারা কী কী ভুল করেছেন, সে সম্পর্কেও অনেক কিছু জানি। কিন্তু আমি সেসব বলতে চাই না। তাদের বিপদে ফেলতে পারি না। এমন সময়ও এসেছে, যখন মনে হয়েছে আমি যেন ২২ জনের বিপক্ষে খেলছি। কারণ, যাদের বিপক্ষে খেলেছি, তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে সন্দেহের মধ্যে ছিল। ফলে কাকে বিশ্বাস করব, বুঝতে পারতাম না।’

খাজার দাবিকে পুরোপুরি উড়িয়ে না দিয়ে আখতার বলেন, পুরো অস্ট্রেলিয়া দলের জানা ছাড়া এ ধরনের ঘটনা ঘটা কঠিন। তিনি বলেন, ‘উসমান যা বলেছে, সেটি দলীয় সিদ্ধান্ত হওয়াই স্বাভাবিক। দু-একজনের সিদ্ধান্তে এমনটা হতে পারে না। দুঃখিত, এ কথা বলতে হচ্ছে। আমরা ক্রিকেট বল নিয়ে খেলতাম, অনেক কিছুই করতাম। কিন্তু পুরো দলই জানত। কারণ, বল রিভার্স সুইং না করাতে পারলে আমরা ম্যাচ জিততে পারতাম না।’

বিষয়টি সামনে আনার সময় নিয়ে প্রশ্ন তুলে আখতার আরও বলেন, ‘এখন যা সামনে আসছে, তা একেবারেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। তবে এমনটা হওয়া উচিত ছিল না। খাজা সঠিক কাজ করেছেন, কিন্তু বিষয়টি সামনে আনার সময়টা আরও ভালো হতে পারত।’