সৌদি আরবের চারটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর কারণ হলো তীব্র বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা। জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এবং গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) জিজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর সাথে শিলাবৃষ্টি এবং শক্তিশালী দমকা হাওয়া বইতে পারে, যা ধূলিঝড় ও বালুঝড়ের সৃষ্টি করতে পারে। এনসিএম জানিয়েছে, এই অস্থির আবহাওয়ার কারণে এই চার অঞ্চলে ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যার ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে। এছাড়াও পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশাপড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে। এদিকে দেশটির বিভিন্ন শহরে তাপমাত্রা চড়া থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হতে পারে। এরপর রয়েছে মক্কা (৩৯ ডিগ্রি), রিয়াদ এবং বুরাইদাহ (উভয় শহরেই ৩৮ ডিগ্রি)। মদিনায় ৩৭ ডিগ্রি, জেদ্দা ও জিজানে ৩৬ ডিগ্রি, হায়েলে ৩৩ ডিগ্রি, আরাক, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হতে পারে।