ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় হলেও সব ধর্মাবলম্বী মানুষের একমাত্র অভিন্ন পরিচয় তারা বাংলাদেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মের নামে যে কোনো বিভেদ দূর করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার রাতে চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল দুর্গাপূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষের আত্মত্যাগ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশ গঠনে ও স্বৈরাচার হটানোর আন্দোলনে ধর্মের পরিচয় দেখা হয়নি। তাই ভবিষ্যতের বাংলাদেশে ধর্মের নামে কোনো বিভাজন থাকা উচিত নয়।

দেশ পরিচালনায় সব ধর্মের মানুষের সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী মণ্ডপের উন্নয়ন কাজের জন্য ২০ লাখ টাকা অনুদান দেন। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাকে একটি বনসাই গাছ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিএনপি এবং সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে দেশব্যাপী সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহীর পূজা মণ্ডপ পরিদর্শন করেন।