জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন। বাংলা ট্রিবিউন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনের বিমানবন্দরে অবতরণের পর দলের স্থানীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

সফরসঙ্গী হিসেবে এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন। অবতরণের পর নাহিদ ইসলাম নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যুক্তরাজ্য এনসিপির নেতারা তাকে সাদর সম্ভাষণ জানান। দলের মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের সই করা বিজ্ঞপ্তিতে শুক্রবার রাত দেড়টায় এ তথ্য জানানো হয়েছে।

এনসিপি আহ্বায়কের হিসেবে নাহিদ ইসলামের এটিই প্রথম যুক্তরাজ্য সফর। এর আগে সোমবার (৯ নভেম্বর) পূর্ব লন্ডনে সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক একটি সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত কর্মসূচি উপস্থাপন করেছিলেন।

কর্মসূচি অনুযায়ী, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন। এই আলোচনাগুলোতে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো মূল বিষয় হবে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন এবং ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।

সফরে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা এবং তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশা শোনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে।