বাসসের খবরে এএফপির বরাতে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই চীনের সীমান্তবর্তী শহর ডানডংয়ে পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ডেইলি অবজারভারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে কিম জং উন শনিবার নবনির্মিত তিন কিলোমিটার দীর্ঘ 'নিউ ইয়ালু রিভার ব্রিজ' দিয়ে ডানডং শহরে প্রবেশ করেন। এই সফর বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দিচ্ছে।
ডেইলি অবজারভার আরও উল্লেখ করেছে, আরেক দক্ষিণ কোরীয় কর্মকর্তার ভাষ্যমতে চীনের প্রিমিয়ার লি ছিয়াং সীমান্ত শহরটিতে কিমের সঙ্গে সাক্ষাৎ করেন। ১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধে চীনের যুক্ত হওয়ার বার্ষিকীর আগের দিন এই সফর অনুষ্ঠিত হয়।





