যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে বাংলা ট্রিবিউন। সড়কটির সম্মানসূচক নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে বিষয়ক কমিটির ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রস্তাবনায় শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশ নামকরণের এই উদ্যোগের কথা বলা হয়। উইলিস টাওয়ারের ব্লকসংলগ্ন ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটি এর অন্তর্ভুক্ত।

প্রস্তাবনায় বলা হয়েছে, খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার সুযোগ সৃষ্টির ক্ষেত্রে তার ভূমিকার কথা এতে উল্লেখ করা হয়েছে। শিকাগো সিটি কাউন্সিলে পাস ও প্রকাশিত হওয়ার পর এই প্রস্তাব কার্যকর হবে।