তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাজেকে অবস্থানরত সব পর্যটককে বুধবারের (২১ অক্টোবর) মধ্যেই পর্যটন কেন্দ্র ত্যাগ করার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি।
বুধবার বিকেলে এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
এর আগে গত ১১ অক্টোবর থেকে একই দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছিল সংগঠন দুটি। পরবর্তীতে প্রশাসনের আশ্বাস এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির আবেদনের প্রেক্ষিতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। তবে পূজা শেষে দাবি পূরণ না হওয়ায় পুনরায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
একাত্তর টিভির প্রতিবেদনে আন্দোলনকারী নেতা বিজয় কান্তি চাকমার বরাতে উল্লেখ করা হয়, পাহাড়ে সাধারণ মানুষের নিরাপত্তা বিধান ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ না হওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে।
আন্দোলনকারী সংগঠনগুলোর যৌথ বিবৃতি অনুযায়ী, সাধারণ যান চলাচল বন্ধ থাকলেও মানবিক কারণে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ ও সংবাদপত্র পরিবহনের গাড়ি এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।






