ইত্তেফাকের খবর অনুযায়ী, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের নিচে পাশের হার থাকা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, তলব হওয়া ৭৯ প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলায় ৩১টি, নোয়াখালীতে ১৫টি, চাঁদপুরে ১৩টি, লক্ষ্মীপুরে ১১টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি এবং ফেনীতে ৪টি কলেজ রয়েছে। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে যে অধ্যক্ষরা লিখিতভাবে ব্যাখ্যা করবেন কেন তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এছাড়া আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে গত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক নথিপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।
বোর্ড জানিয়েছে, এবার কুমিল্লা বোর্ডে গড় পাশের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। কিছু অধ্যক্ষ মন্তব্য করেছেন, এই বারের মতো সব বোর্ডে অভিন্ন ও তুলনামূলক কঠিন প্রশ্নপত্র হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই বিপকে পড়েছেন। অনেক কলেজেই বিজ্ঞান, আইসিটি, গণিত ও ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষ শিক্ষকের ঘাটতি রয়েছে।
চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ জানতে অধ্যক্ষদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। লিখিত জবাবের পাশাপাশি সরাসরি আলোচনা করে ফলাফল উন্নয়নের উপায় নিয়ে মতামত নেওয়া হবে। তবে কারও ব্যাখ্যা সন্তোষজনক না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।






