ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদন অনুযায়ী, টানা কয়েকদিনের উত্তেজনার পর রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। সকালে এলাকার বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন।

প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার ৫৫টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া ঢাকা ট্রিবিউন বাংলাকে বলেন, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে খুব ভালো পরিস্থিতি ও স্বাভাবিকভাবে কার্যক্রম চলমান আছে। তিনি জানান, বিভিন্ন কারণে অর্ধ-শতাধিক কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। শুধুমাত্র ৫টি কারখানায় শ্রমিকরা কাজ শুরু না করে বসে আছেন। এছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু ঢাকা ট্রিবিউন বাংলাকে বলেন, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে শ্রমিকরা কাজ করছেন না, এরকম প্রায় অর্ধশত কারখানায় ‘নো ওয়ার্ক নো পে’ পদ্ধতিতে শ্রম আইনের ১৩ (১) ধারায় ছুটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা ট্রিবিউন বাংলা জানায়, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।