শারদীয় দুর্গাপূজার ছুটি বাড়ানোসহ একাধিক দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্ট্যান্ডার্ড গ্রুপের ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড কারখানার শ্রমিকরা। মঙ্গলবার দুপুর থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (জরুন) এলাকায় শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন বাংলা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হলে পথচারী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। আন্দোলনরত শ্রমিকরা জানান, দুর্গাপূজার সরকারি ছুটির সঙ্গে অতিরিক্ত আরও একদিন ছুটির দাবিতে তাঁরা কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। তাঁদের অভিযোগ, কারখানার অন্যান্য শাখায় তিন দিনের ছুটি মঞ্জুর করা হলেও এ শাখায় কর্তৃপক্ষ মাত্র একদিনের ছুটি ঘোষণা করেছে।
ছুটি বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে বেতনের সময় বিকাশ খরচের অর্থ প্রদান, সাপ্তাহিক ছুটি শুক্রবারে নির্ধারণ, ছুটির দিনের ওভারটাইম প্রদান, কর্মঘণ্টা শেষে জমা কাজের জন্য বিনা বেতনে অতিরিক্ত দায়িত্ব পালন বন্ধ করা, স্টাফদের দুর্ব্যবহার রোধ এবং কোনো শ্রমিককে ছাঁটাই না করা। ফিনিশিং শাখার নারী শ্রমিকরা টানা দাঁড়িয়ে কাজের বদলে পূর্বের ন্যায় বসার চেয়ার এবং অসুস্থ হলে লাইন থেকে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতির দাবি জানান।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সরকারি ছুটির সঙ্গে বাড়তি একদিন ছুটির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।






