ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ তাঁকে গ্রেপ্তার করে।
জানা যায়, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাবুল আক্তার। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তাঁকে চলমান জ্বালাপোড়া আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার বাবুল আক্তারের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






