ঢাকা পোস্টের তথ্য অনুযায়ী, শীতের আগমনের সঙ্গে সঙ্গে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত রোগী আসায় চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। পর্যাপ্ত শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝে, বারান্দা কিংবা খোলা জায়গায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ডায়রিয়া ওয়ার্ডের বিভিন্ন স্থানে ময়লা-আব জমে থাকতে দেখা গেছে।
হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল ঢাকা পোস্টকে জানান, শীতের প্রকোপ বাড়ায় নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কোপনিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা ও ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি ঢাকা পোস্টকে বলেন, চিকিৎসাধীনদের দেখভাল করা হচ্ছে এবং নিয়মিত হাসপাতাল পরিষ্কার করা হয়। শীতের কারণে শিশুরা আক্রান্ত হওয়ায় অভিভাবকদের যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।






