বাসস অনুযায়ী, বাংলাদেশের তীরন্দাজ দল ২৪ থেকে ২৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ইরাকের সুলাইমানিয়াহে অনুষ্ঠিত ‘এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্ট)’-এ অংশ নিচ্ছে।

দলে ৬ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ১২ জন তীরন্দাজ রয়েছেন। তারা রিকার্ভ পুরুষ ও মহিলা একক, কম্পাউন্ড পুরুষ ও মহিলা একক, রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত এবং রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে পদকের জন্য লড়াই করবে।

ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: মাকসুদুল হক সুলাইমানিয়াহে দলের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেছেন এবং তাদের প্রস্তুতির খোঁজখবর নেন। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করা অত্যন্ত গৌরবের বিষয়। তিনি খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার, আশাবাদী থাকার এবং যেকোনো কঠিন চ্যালেঞ্জ সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দেন। রাষ্ট্রদূত আরও বলেন, খেলার মাঠে প্রতিকূল পরিস্থিতি আসতে পারে, তবে বিচলিত না হয়ে অবিচল থাকতে হবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের আশা কখনোই ছাড়া যাবে না। তাঁর এই বক্তব্যে দলের মনোবল অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে।